ফ্র্র্রন্টপেইজ প্রতিবেদক, ঢাকা: এবারে রাজধানীর মিরপুরে মিলবে দেশের জনপ্রিয় এবং সেরা মানের সুগন্ধি (প্রিমিয়াম পারফিউম) ও ওয়েলনেস ব্র্যান্ড ডহরা’র পন্য। মিরপুরবাসীর কাছে নিজেদের পন্য পৌঁছে দিতে সম্প্রতি প্রতিষ্ঠানটির দ্বিতীয় শো রুমের উদ্বোধন করা হয়েছে। নিজেদের উপস্থিতি রেখে অনুষ্ঠানটিকে ঋদ্ধ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার বারিশা হক এবং সেলিব্রিটি ব্যক্তিত্ব গৌতম সাহা। যারা কিনা আয়োজন চলাকালে ক্রেতাদের সঙ্গে ডহরার পন্য সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় অফার এবং নতুন কালেকশনের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডহরা কর্তৃপক্ষ জানান, গেল পাঁচ বছর সফলভাবে অনলাইনভিত্তিক ব্যবসা পরিচালনার পর অফলাইনে পরিসর বাড়ানোর অংশ হিসেবে নতুন এই শোরুম চালু করা হয়েছে। এর আগে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে তাদের প্রথম শোরুম চালু করা হয়। প্রথম শোরুমে গ্রাহকদের ব্যাপক সাড়া এবং ইতিবাচক প্রতিক্রিয়ার পর দ্বিতীয় শোরুম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে ডহরার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমা মজুমদার বলেন, “দীর্ঘ পাঁচ বছর আমরা শুধু অনলাইনে গ্রাহকদের সেবা দিয়েছি। তবে পারফিউম এমন একটি পণ্য, যা মানুষ সরাসরি ব্যবহার করে এবং সুবাস অনুভব করে কিনতে পছন্দ করেন। বসুন্ধরা সিটির শোরুমে আমরা যে ভালোবাসা ও আস্থা পেয়েছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই আজ দ্বিতীয় শোরুমের যাত্রা শুরু হলো।”
তিনি আরও বলেন, “ডহরাকে আমরা শুধু একটি পারফিউম ব্র্যান্ড হিসেবে নয়, বরং দেশের অন্যতম বিশ্বস্ত দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আরও শোরুম চালুর পরিকল্পনা রয়েছে।”

দেশীয় পারফিউম শিল্পে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে ডহরার এই সম্প্রসারণকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দেশীয় ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধির ফলে এ ধরনের উদ্যোগ স্থানীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




